কক্সবাজার বীচে গেলে আপনি শত শত Beach Photographer দেখবেন।
কেউ আপনার সামনে এসে বলবে, “ভাইয়া ছবি তুলবেন?”
কেউ আবার দূর থেকে শুধু পর্যবেক্ষণ করবে।
ভালো ফোনের ক্যামেরা আসার পর এই পেশাটা আগের মতো নেই। এখন প্রায় সবাই নিজের ছবি নিজেই তুলতে পারে। ফলে অনেক Beach Photographer পেশা পরিবর্তন করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এখনও কিছু Beach Photographer আছেন যারা বেশ ভালো আয় করছেন। পর্যটন মৌসুমে (শীতকাল ও ছুটির দিনগুলোতে) তাদের দৈনিক আয় ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
গত কয়েকদিন কক্সবাজারে ঘুরে তাদের কাজ খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। তারা হয়তো Marketing বই পড়েনি, Customer Acquisition Cost বা Conversion Rate এর সংজ্ঞা জানে না। কিন্তু প্রতিদিন মাঠে কাজ করতে করতে এমন কিছু Marketing Principle শিখে ফেলেছে, যা অনেক ব্যবসাও প্রয়োগ করে না।
তাদের কাছ থেকে শেখা ৪টি Marketing Lesson আপনাদের সাথে শেয়ার করছি।

১। তারা আগে ভ্যালু দেয়, তারপর প্রডাক্ট বেচেঃ
বিকেলে সমুদ্রের পাশে বসে ছিলাম। দেখলাম একজন Beach Photographer একটি পরিবারের দিকে এগিয়ে গেল।
সে সরাসরি গিয়ে বলল না, “ভাইয়া ছবি তুলবেন?”
বরং বলল, “আপনাদের একটা ছবি তুলে দেই? টাকা দিতে হবে না। শুধু দেখেন কেমন লাগে।”
তারপর সে পরিবারের ছোট বাচ্চাটার পানিতে খেলার মুহূর্ত, বাবা-মায়ের হাসিমুখ আর সূর্যাস্তের আলো মিলিয়ে কয়েকটা ছবি তুলল।
মাত্র দুই মিনিট পরে সে ছবিগুলো দেখাল।
পরিবারের সদস্যরাই তখন আরও ছবি তোলার আগ্রহ দেখাল। Photographer কে আর বিক্রি করতে হলো না। ছবিগুলোই তার হয়ে বিক্রি করল।
২। তারা সেখানে যায়, যেখানে তাদের কাস্টমার আছেঃ
কক্সবাজারে কয়েকদিন ঘুরে একটা মজার বিষয় খেয়াল করলাম। সব Beach Photographer কিন্তু পুরো বীচে ঘুরে বেড়ায় না। তারা জানে, সব জায়গায় কাস্টমার নেই।
সুগন্ধা বীচের দিকে হাঁটছিলাম। দেখলাম একজন Photographer দূরে দাঁড়িয়ে শুধু মানুষ পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর সে সরাসরি গেল এমন একটি পরিবারের কাছে, যারা একসাথে সূর্যাস্ত দেখছিল এবং বারবার নিজেদের ছবি তোলার চেষ্টা করছিল।
আমি পরে তাকে জিজ্ঞেস করলাম, “ভাই, আপনি সবার কাছে যান না কেন?”
সে হেসে বলল, “যারা ছবি তুলতে আগ্রহী না, তাদের কাছে গিয়ে সময় নষ্ট করে লাভ কী?”
কথাটা খুব সাধারণ, কিন্তু ব্যবসার জন্য অনেক গভীর।
অনেক ব্যবসা আজও এমন মানুষের কাছে মার্কেটিং করে, যারা কখনোই তাদের কাস্টমার হবে না। কিন্তু সফল Beach Photographer জানে—সঠিক মানুষের সামনে সঠিক সময়ে উপস্থিত হওয়াটাই আসল মার্কেটিং।
৩। তারা পারসোনালাইজড মার্কেটিং করেঃ
আবার, একই Photographer ভিন্ন ধরনের গ্রাহকের সাথে ভিন্নভাবে কথা বলছে।
একটি নতুন বিবাহিত কাপলের কাছে গিয়ে সে বলল, “ভাইয়া, আপু, সূর্যাস্তের সময় কয়েকটা Cinematic Shot নিলে অনেক সুন্দর হবে।”
একটু পর একটি পরিবারের কাছে গিয়ে বলল, “আসেন, পুরো ফ্যামিলির একটা স্মৃতি রেখে দেন।”
একই সার্ভিস, একই ক্যামেরা, একই লোক।
কিন্তু অফার, ভাষা এবং উপস্থাপন—সব আলাদা।
এখানেই অনেক ব্যবসা ভুল করে। তারা সবার কাছে একই মেসেজ পাঠায়, একই বিজ্ঞাপন দেখায়, একই অফার দেয়।
কিন্তু কাস্টমার এক নয়।
যখন আপনি মানুষের প্রয়োজন, আবেগ এবং পরিস্থিতি বুঝে কথা বলেন, তখন বিক্রি অনেক সহজ হয়ে যায়।
৪। খুব দ্রুত কাস্টমার সার্ভিসঃ
আমার মনে হয়েছে, Beach Photographer দের সবচেয়ে Strong দিকগুলোর একটি হলো তাদের দ্রুত সার্ভিস।
ছবি তোলার ১৫-২০ মিনিটের মধ্যেই তারা অনেক সময় এডিট করে WhatsApp-এ ছবি পাঠিয়ে দেয়। অনেক সময় কম বেশী টাইম লাগতে পারে।
কারণ তারা জানে, পর্যটকরা আজ এখানে, কাল হয়তো ঢাকায় বা অন্য শহরে।
যদি ছবি দিতে ২-৩ দিন লেগে যায়, তাহলে কাস্টমারের আগ্রহও কমে যাবে।
ব্যবসার ক্ষেত্রেও বিষয়টা একই।
কক্সবাজারের Beach Photographer দের দেখে আমার মনে হয়েছে, তাদের কাছে হয়তো MBA ডিগ্রি নেই, তারা হয়তো Marketing Theory জানে না। কিন্তু প্রতিদিন মাঠে কাজ করতে করতে তারা এমন কিছু Marketing Principle শিখে ফেলেছে, যা অনেক বইয়েও পাওয়া যায় না।
বিশেষ করে প্রথম শিক্ষা—আগে ভ্যালু দিন, তারপর বিক্রি করুন।
এই একটি নীতিই অনেক ব্যবসার ফলাফল বদলে দিতে পারে।